পাবনায় বনলতা কফি শপকে লাখ টাকা জরিমানা

খাবারে পোকা, খাবারের ওপর ময়লা ঝাড়ু ফেলে রাখা এবং পরিবেশনকৃত উচ্ছিষ্ট খাবার পুনরায় গ্রাহকদের দেওয়ার দায়ে পাবনার ‘বনলতা কফি শপ’কে এক লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। একই সঙ্গে খাবার তৈরিতে ব্যবহৃত তেলের মানেও গুরুতর অনিয়ম পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে পাবনা শহরে পরিচালিত বিশেষ এক অভিযানে এসব অনিয়ম হাতেনাতে ধরা পড়ে।
অভিযান সূত্রে জানা যায়, বনলতা কফি শপে খাবার সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি ও অনিয়ম পরিলক্ষিত হয়। সেখানে খোলা খাবারের মধ্যে পোকা এবং খাবারের ঠিক ওপরেই নোংরা ঝাড়ু রাখা অবস্থায় পান আদালত। এ ছাড়া গ্রাহকদের পরিবেশন করার পর বেঁচে যাওয়া ওয়েস্টেজ বা বাসি খাবার পুনরায় নতুন গ্রাহকের সামনে পরিবেশনের প্রমাণ মেলে।
অভিযানকালে রান্নায় ব্যবহৃত পোড়া তেলের মান পরীক্ষা করা হলে তাতেও চরম অনিয়ম ধরা পড়ে। সামগ্রিক অনিয়ম, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মারাত্মকভাবে লঙ্ঘনের অপরাধে বনলতা কফি শপকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন ও তরিকুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার শামীম আহমেদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন বলেন, খাবারে চরম ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং যেকোনো অনিয়মে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



