logo

চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩, মুচলেকায় মুক্ত ২১ কিশোর

চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩, মুচলেকায় মুক্ত ২১ কিশোর
আটককৃত আসামিরা। ছবি : পুলিশের সৌজন্যে

চাঁদপুরের মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে ২১ কিশোরকে আটক করে পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাইয়ের পর অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মতলব উত্তর থানা পুলিশ।

এর আগে, শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মতলব উত্তর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন মো. সবুজ (৩৩), নুরুল ইসলাম ওরফে কৃষ্ণা (৩৫) এবং দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪৯)। অভিযানে তাদের কাছ থেকে মোট ৫৫টি ইয়াবা ও বিভিন্ন পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২১ কিশোরকে থানায় এনে তাদের পরিচয় ও বিভিন্ন কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা যাচাই করা হয়। অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় পরে তাদের প্রকৃত অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব পিপিএম ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া।

সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, মতলব উত্তরে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। সম্প্রতি থানায় নতুন কর্মকর্তা যোগ দিয়েছেন। তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান আরও গতিশীল হবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, মতলবের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান। মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত থাকবে।