আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ৮

সাভারের আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সেলিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার এস সূহী ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রীতি কম্পোজিট কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী একটি গাড়িতে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়।
বিস্ফোরণের পর উড়ে যাওয়া একটি সিলিন্ডার ঘটনাস্থলের পাশের একটি দরজি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা জয়নব বেগম (৫৫) নামে এক নারীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে থাকা একটি লরির ভেতর থেকে একটি, লরির নিচ থেকে তিনটি এবং পাশে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মোট ৬টি মরদেহ উদ্ধার করেন।
অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে সোমবার সকালে ও দুপুরে দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। ঢামেকে পাঠানো তিনজন হলেন—সুজন মিয়া (৩৫), নজরুল ইসলাম (৩৫) ও নূর ইসলাম (৪০)। তাদের মধ্যে ঠিক কোন দুজনের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের সিনিয়র ম্যানেজার (অপারেশন) হারুন অর রশীদ জানান, রোববার রাতে অগ্নিকাণ্ডের পরপরই ২৫ জন আহত ব্যক্তি ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়।
