logo
Advertisement

অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ, পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী
অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ, পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্য জাকির হোসেন। ছবি: আইনশৃঙ্খলা বহিনীর সৌজন্যে

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের অভিযোগে পুলিশের এক সদস্যসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। উদ্ধার করা হয়েছে সাড়ে ২০ ভরি স্বর্ণ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির অফিসার্স মেসে কর্মরত কনস্টেবল জাকির হোসেন এবং আলমপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ আগস্ট রাজশাহী থেকে গলানো ৪০ ভরি স্বর্ণ চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসেন ব্যবসায়ী নিঝুমের দুলাভাই মোহাম্মদ আলী। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মরা পাগলা নদীর কালীনগর ব্রিজের পাশে পৌঁছানোর পর কনস্টেবল জাকির হোসেনসহ দুজন পুলিশ পরিচয়ে তা ছিনিয়ে নিয়ে যান।

ঘটনার পর কনস্টেবল জাকির এক মাসের ছুটিতে চলে যান। ছুটি শেষে কর্মস্থলে ফিরলে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড বিশ্লেষণ করে শনিবার রাতে পুলিশ লাইনস থেকে জাকিরকে এবং নিজ বাড়ি থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা জানাজানি হলে শনিবার কনস্টেবল জাকিরকে প্রত্যাহারের পাশাপাশি জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাতকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। তাকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এর মধ্যেই ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করলে জাকিরসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া স্বর্ণের অর্ধেক। বাকি অর্ধেক স্বর্ণ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এ চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কনস্টেবল জাকির হোসেনকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়া চলছে। মোহাম্মদ আলীর কাছ থেকে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারে পুলিশ তৎপর।