Advertisement

‘লজ্জা ও সমালোচনার’ মুখে হাসপাতাল ছাড়লেন সেই সাপুড়ে

এশিয়া পোস্ট নিউজ, কুষ্টিয়া
‘লজ্জা ও সমালোচনার’ মুখে হাসপাতাল ছাড়লেন সেই সাপুড়ে
হাসপাতালে ভর্তি রয়েছেন ইমরান হোসেন। ছবি: এশিয়া পোস্ট

কুষ্টিয়ার ভেড়ামারায় গোখরা সাপের কামড়ে আহত সেই আলোচিত সাপুড়ে ইমরান হোসেন (৩৮) হাসপাতাল ছেড়েছেন। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ না করেই কেবল ‘লজ্জা ও সমালোচনার’ মুখে পড়ে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে স্বেচ্ছায় ছাড়পত্র (বন্ড সই) নিয়ে বাড়ি ফিরে গেছেন।

রোববার (১৯ জুলাই) সকালে তিনি হাসপাতাল ত্যাগ করেন। ইমরান হোসেন নিজেই হাসপাতাল থেকে বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল ছাড়ার কারণ হিসেবে ইমরান ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসকের কাছ থেকে স্বেচ্ছায় ছুটি নিয়ে বাড়িতে চলে এসেছি। সাংবাদিকরা খুব জ্বালাচ্ছিল। রাত-দিন নেই, এসেই একই প্রশ্ন করছিল। কেউ কেউ আবার আমাকে ভণ্ড প্রমাণের চেষ্টাও করছে। তাই লজ্জায় হাসপাতাল থেকে বাড়িতে চলে এসেছি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, শনিবার রাতেই সাপুড়ে ইমরান চিকিৎসকের কাছে ছুটির আবেদন করেছিলেন। আজ সকালে আবারও ছাড়পত্র চাইলে চিকিৎসকেরা প্রয়োজনীয় ওষুধ লিখে তাকে বাড়ি যাওয়ার অনুমতি দেন।

এর আগে, গত শুক্রবার রাতে ভেড়ামারার স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলামের বাড়িতে সাপ উদ্ধারের জন্য যান ইমরান। সেখানে বাড়ির উঠানের মাটি খুঁড়ে একটি গর্ত থেকে একটি বিষধর গোখরা সাপ বের করেন তিনি। এরপর সাপটি ধরার চেষ্টা করার সময় অসাবধানতাবশত সেটি ইমরানের হাঁটুর ওপরে ছোবল দেয়। পরে স্থানীয় দুই যুবক দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছিলেন।