logo

মাদারীপুরে ইজারার টাকার ভাগ নিয়ে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
মাদারীপুরে ইজারার টাকার ভাগ নিয়ে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ
সংঘর্ষে স্থানীয় বিএনপি কার্যালয় ভাংচুর। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুরের কালকিনি উপজেলায় গরুর হাটের ইজারার টাকা ভাগ কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও খাসেরহাট গরুর হাটের ইজারাদার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে উপজেলার খাসেরহাট বাজার গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে খাসেরহাট গরুর হাটের ইজারার টাকা গণনা করা হচ্ছিল। সেখানে গিয়ে দলের আরেক পক্ষ ইজারার টাকার ভাগ দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ বাধে।

তখন এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়। এ সময় আহত দুইজনকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হাট কমিটির সভাপতি ও বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম বলেন, আমাদের ইজারাদার সদস্যরা হাটের টাকা গণনা করছিল। তখন একটি পক্ষ টাকার ভাগ নিতে আসে। না দেওয়ায় আমাদের লোকজনের ওপর হামলা চালানো হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।