logo

মেঝের নিচে মাদক, বাবা-ছেলে গ্রেপ্তার

মেঝের নিচে মাদক, বাবা-ছেলে গ্রেপ্তার
গ্রেপ্তার আব্দুল করিম ও তার ছেলে মো. মাসুম। ছবি: এশিয়া পোস্ট

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গ্যারেজের মেঝের নিচে তৈরি করা হয়েছিল গোপন চেম্বার। বাইরে থেকে সাধারণ মেঝে মনে হলেও এর নিচে সুড়ঙ্গসদৃশ গর্তে মজুত রাখা হয়েছিল বিপুল বোতলজাত মাদক। তবে শেষ রক্ষা হয়নি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই গোপন আস্তানার সন্ধান পেয়েছে এসআরবি-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ। সেখান থেকে ৯৯ বোতল স্কাফ মাদক ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে আভিযানিক দল।

Advertisement

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় এসআরবি-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়া পোস্টকে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকায় আসামিদের মালিকানাধীন একটি গ্যারেজে এ অভিযান চালানো হয়।

এসআরবি-১১ জানায়, নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংস্থাটির একটি আভিযানিক দল গ্যারেজটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। তল্লাশির একপর্যায়ে কক্ষের মেঝের নিচে কৌশলে তৈরি করা গোপন চেম্বারটি শনাক্ত করা হয়। পরে সেখান থেকে ৯৯ বোতল স্কাফ এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আব্দুল করিম (৬০) ও তার ছেলে মো. মাসুম (৩২)। আব্দুল করিমের বাবার নাম মৃত হাজী বাহার আলী। তাদের দুজনেরই বাড়ি বন্দর উপজেলার মোছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জগীপাড়া এলাকায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবী জানান, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে মেঝের নিচে গোপন চেম্বার তৈরি করে সেখানে মাদক মজুত রেখেছিল। তল্লাশি চালিয়ে ওই গোপন আস্তানা শনাক্ত করে মাদক ও নগদ টাকা উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।