logo

৪ দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর আধাবেলা হরতাল

৪ দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর আধাবেলা হরতাল
রংপুর নগরীতে অর্ধদিবস হরতাল সফল করার আহ্বান জানিয়ে প্রচারণায় অংশ নেন রংপুর মহানগর নাগরিক কমিটি ও বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির নেতাকর্মীরা।। ছবি: এশিয়া পোস্ট

গ্রাহক শোষণ ও ভোগান্তির গণবিরোধী প্রিপেইড মিটার বাতিল করে পূর্বের পোস্টপেইড মিটার পুনঃস্থাপন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা প্রদান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধের দাবিতে আগামী ৩০ নভেম্বর রংপুর মহানগর নাগরিক কমিটির ডাকে নগরীতে অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

হরতাল সফল করার লক্ষ্যে ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং এবং মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, এই হরতাল কোনো গোষ্ঠী, শ্রেণি কিংবা দলের স্বার্থে নয়; আপামর বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে এই হরতাল। রংপুর মহানগর নাগরিক কমিটি বিভিন্ন শ্রেণিপেশার নাগরিক ও চিন্তার মানুষদের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। পেশিশক্তি কিংবা জবরদস্তি নয়, জনগণের নৈতিক সমর্থন ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে আমরা এই হরতাল সফল করতে চাই।

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান এবং নির্বাচন-পরবর্তী সময়ে দেশের ইতিহাসে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বাইরে জনগণের নিজস্ব দাবিতে এটাই প্রথম হরতাল হতে যাচ্ছে। বিদ্যুৎ মুনাফার পণ্য নয়, জনতার অধিকার। বিদ্যুৎ বিভাগ একটি সেবামূলক প্রতিষ্ঠান; অথচ এখানে নাগরিক সেবা তো পরের কথা, ন্যূনতম জবাবদিহি নেই। জনমতের তোয়াক্কা না করে মুষ্টিমেয় দুর্নীতিবাজ ও লুটেরাদের স্বার্থে জবরদস্তিমূলক কায়দায় একতরফাভাবে প্রিপেইড মিটার প্রকল্প বাস্তবায়নে তারা মরিয়া হয়ে উঠেছেন। অথচ জনগণ এই প্রিপেইড মিটার চায় না। পোস্টপেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে গ্রাহকদের দ্বিগুণ-তিনগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বাস্তবিক অর্থে প্রিপেইড মিটার জনগণের পকেট কাটার ফাঁদ ও ভোগান্তির যন্ত্রে পরিণত হয়েছে। এটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রকল্প হলেও এখনও বহাল রয়েছে।

পলাশ কান্তি নাগ বলেন, বর্তমান সরকারও বিগত সরকারের মতো দুর্নীতিবাজ ও লুটেরাদের স্বার্থ রক্ষা করে চলেছে। তা না হলে সারা দেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকের সমস্যাকে কেন আমলে নিচ্ছে না? এ সময় বিদ্যুৎ গ্রাহকদের ন্যায়সংগত দাবিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

এদিকে ১৯ অক্টোবর অর্ধদিবস হরতাল আহ্বান করে রংপুর মহানগর নাগরিক কমিটি। এর আগে, ১৮ অক্টোবর রংপুর প্রেসক্লাব চত্বরে এক সংবাদ সম্মেলন থেকে সোমবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বাত্মক আধাবেলা হরতালের কর্মসূচি ঘোষণা করে বিদ্যুৎ গ্রাহক ফোরাম।

বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু বলেন, রংপুর দরিদ্রপীড়িত অঞ্চল। যে আয়, তা দিয়ে বর্তমান বাজারে জীবন চালানো দায়। তার ওপর বিদ্যুৎ বিভাগের নানা অপকর্ম, অব্যাহত লোডশেডিং ও ভুতুড়ে বিল তার উপর মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে প্রিপেইড মিটার গ্রাহকদের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।