এমপি মালেকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের (এম এ মালেক) বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তার বাসভবনে দুর্বৃত্তরা এ হামলা চালায়। তবে বাসার নিরাপত্তাকর্মী ও উপস্থিত ব্যক্তিদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরের দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা একটি পিকআপে করে এসে সংসদ সদস্যের বাসভবনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে বাসার একটি অংশে আগুনের সূত্রপাত হলে নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। হামলার সময় সংসদ সদস্য এম এ মালেক ও তার স্ত্রী বাসভবনের ভেতরেই অবস্থান করছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন জানান, ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে।
তিনি আরও বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। প্রাথমিক ধারণা, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত।
এর আগে গত ২০ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনের প্রধান ফটকেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে সিলেটে রাজনৈতিক ব্যক্তিত্বদের বাসভবনে পরপর এমন হামলার ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

