logo

কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক
কুড়িগ্রামে মাদকসহ আটক আইনজীবী দম্পতি ও অপর এক ব্যক্তি। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ওয়াপদাপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটকরা হলেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও সদর উপজেলার ওয়াপদাপাড়া (খলিলগঞ্জ) এলাকার আইনজীবী মো. আলমগীর হোসেন (৪৫), তার স্ত্রী মোছা. ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ১৯৫ পিস, যার ওজন ১৯.৫ গ্রাম। অন্যদিকে, পলিথিনসহ হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলার উপপরিচালক মো. শাহনেওয়াজ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আগামীকাল সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।