logo

ফেনীতে প্রয়াত মুক্তিযোদ্ধার ‘বীর নিবাসে’ আগুন

ফেনীতে প্রয়াত মুক্তিযোদ্ধার ‘বীর নিবাসে’ আগুন
প্রয়াত মুক্তিযোদ্ধার ‘বীর নিবাসে’ আগুন। ছবি : এশিয়া পোস্ট

ফেনীর দাগনভূঞায় সম্প্রতি প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধার সরকারি ‘বীর নিবাস’ এবং এর প্রায় এক ঘণ্টা পর তার প্রয়াত বড় ভাইয়ের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে দাগনভূঞা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শ্রীধরপুর গ্রামের তমিজ উদ্দিন ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন ছিলেন সাবেক সেনা কর্মকর্তা। সম্প্রতি তার মৃত্যু হয়েছে। তার পরিবারে স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। অগ্নিকাণ্ডের সময় তার স্ত্রী মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ‘বীর নিবাস’টি তালাবদ্ধ ছিল।

মরহুম গিয়াস উদ্দিনের ভাতিজা আবুল কালাম আজাদ এশিয়া পোস্টকে জানান, এর আগেও দুর্বৃত্তরা ইট ছুড়ে ‘বীর নিবাসের’ জানালার কাচ ভেঙে দিয়েছিল। শুক্রবার রাতে ওই ভাঙা অংশ দিয়ে জানালার পর্দায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে শোবার ঘরের বিছানার চাদর ও বালিশ পুড়ে যায়।

তিনি আরও জানান, আগুন ছড়িয়ে পড়ার বিষয়টি টের পেয়ে পাশের ঘরে থাকা গিয়াস উদ্দিনের ছেলে ধন মিয়া ও স্থানীয় বাসিন্দারা তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। তবে এর প্রায় এক ঘণ্টা পর গিয়াস উদ্দিনের প্রয়াত বড় ভাই জালাল উদ্দিন মাস্টারের বসতঘরেও আগুন লাগে। স্থানীয়রা সেখানকার আগুনও নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, কারা এবং কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটাচ্ছে, তা তাদের জানা নেই। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই পরিবারের কারও সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ বা শত্রুতা নেই। তারা রাজনীতির সঙ্গেও জড়িত নন। এমন পরিস্থিতিতে কারা কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। কোনো মহল অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়দের অনেকে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানিয়েছেন স্বজনেরা।

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌসী বেগম এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় থানায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।