দুজনকে আটকের পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেলে আগুন

শরীয়তপুরে মধ্যরাতে জেলা ছাত্রলীগের এক নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরার সময় দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন শরীয়তপুর সদর উপজেলার দাসার্ত্তা এলাকার মৃত আজাহার ফকিরের ছেলে আল আমিন (২৮) এবং একই এলাকার শাজাহান বন্দুকসীর ছেলে সাগর বন্দুকসী।
জেলা ছাত্রদলের সদস্য মাহাতাব মোর্শেদ মিহির জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সজাগ ছিলেন। শুক্রবার দিবাগত রাতে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ভুলুর মোটরসাইকেল নিয়ে দুই ব্যক্তিকে চৌরঙ্গী মোড়ে দেখতে পান তারা। এ সময় এত রাতে সেখানে আসার কারণ জানতে চাইলে ওই দুজন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
তিনি আরও জানান, আটকের সময় স্থানীয় উত্তেজিত জনতা ছাত্রলীগ নেতা রাশেদুজ্জামান ভুলুর মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আটক দুজনের মধ্যে আল আমিন ছাত্রলীগ নেতা ভুলুর সহযোগী। তার বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। অপরজন আল আমিনের সহযোগী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সড়কের পাশে একটি মোটরসাইকেল পোড়ানো অবস্থায় পাওয়া গেছে; সেটি জব্দ করা হয়েছে। আটক দুজন পুলিশের কাছে স্বীকার করেছেন, ওই সময় তারা তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে এসেছিলেন।


