logo

ফেনীতে বিএনপি দুপক্ষের সংঘর্ষে আহত ১৬, মোটরসাইকেলে আগুন

ফেনীতে বিএনপি দুপক্ষের সংঘর্ষে আহত ১৬, মোটরসাইকেলে আগুন
মোটরসাইকেলে অগ্নিসংযোগ। ছবি : এশিয়া পোস্ট

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশে এ সংঘর্ষ ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে ৪০ থেকে ৪৫টি মোটরসাইকেলের একটি বহর পরিবেশমন্ত্রীর আলাইয়ারপুর গ্রামের বাড়ির সামনে দিয়ে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাটের দিকে যাচ্ছিল। এ সময় পরিবেশমন্ত্রীর বাড়ির দিক থেকে তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয় এবং দুদিক থেকে ঘিরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং বেশ কয়েকটি ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ফটিকের অনুসারী ১১ কর্মী আহত হন। তাদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আবুল বাশার, হৃদয় সওদাগর, মেহেদী হাসান, ফয়সাল, শিবলু, মহিদুল ইসলাম রাকু, তানভীর, মো. শামীম, ইয়াকুব আলী, সুয়েল ও জহিরুল হক সুয়েল প্রমুখ।

আহতরা দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ছবি : এশিয়া পোস্ট
আহতরা দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ছবি : এশিয়া পোস্ট

এ বিষয়ে কাজী জামশেদুর রহমান ফটিক এশিয়া পোস্টকে বলেন, শুক্রবার বিকেলে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাট বাজারে আমাদের একটি খেলার উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার পথে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির সামনে পৌঁছালে জসিম, রাজু ও স্বপনসহ কয়েকজনের নেতৃত্বে আমার নেতাকর্মীদের ওপর গুলি ছুড়তে ছুড়তে ধাওয়া দেওয়া হয়।

তিনি আরও বলেন, এ সময় আমাদের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ১২ থেকে ১৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সাইফুল ইসলামসহ ১১ জন আহত হয়েছেন এবং দুজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে ফেনী জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীমউদ্দীন এশিয়া পোস্টকে বলেন, ঘটনার সময় আমি মাছের খামারে কর্মরত ছিলাম। পরে শুনতে পাই, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নাম ধরে বহিষ্কৃত নেতা ফটিকের লোকজন গালিগালাজ করছেন এবং বেশ কয়েকটি ককটেল ফোটানো হয়। এ সময় এলাকার নারী-পুরুষ সম্মিলিতভাবে তাদের প্রতিরোধ করেন। তাদের হামলায় আমাদের তিন কর্মী আহত হয়েছেন।

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, দল থেকে বহিষ্কৃত কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে তার বাড়ির সামনে চার-পাঁচটি ককটেল ফোটানো হয়। এর পরিপ্রেক্ষিতে এলাকার জনগণ সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলে তাদের ধাওয়া দেন।

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌসী বেগম এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।