হঠাৎ তিস্তা ব্যারাজে মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন স্থাপনা

রংপুর বিভাগের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে নীলফামারীর তিস্তা ব্যারাজ ও এর সংলগ্ন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। কোনো ধরনের পূর্বঘোষিত আনুষ্ঠানিক কর্মসূচি ছাড়াই হঠাৎ তার এই পরিদর্শনে স্থানীয় ও সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি ব্যারেজের সার্বিক ব্যবস্থাপনা ও আশপাশের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
সফরকালে তার সঙ্গে ছিলেন তার সহধর্মিনী, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এএবি) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনসহ সফরসঙ্গীরা।
-5cf43b.jpg)
তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন। তিন দিনের এই সফরের অংশ হিসেবে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনের কথা রয়েছে তার।
পরবর্তী ধাপে রাষ্ট্রদূত নীলফামারীর সৈয়দপুরে যাবেন। সেখানে তিনি ঐতিহাসিক সৈয়দপুর রেলওয়ে কারখানা, রেলওয়ে জাদুঘর, চিনি মসজিদ ও খ্রিস্টান চার্চ পরিদর্শন করবেন। এ ছাড়া এই সফরে তিনি রংপুর বিভাগের বিভিন্ন শিল্পকারখানা, ধর্মীয় প্রতিষ্ঠান ও চা-বাগান ঘুরে দেখবেন বলে জানা গেছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন স্যারের আমন্ত্রণে তিনি এসেছেন। সফর ঘিরে কোনো তথ্য বা পরিকল্পনা আমাদের জানা নেই।
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক এশিয়া পোস্টকে বলেন, তিনি কেন আসছেন বা কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে কি না, তা আমার জানা নেই। তবে আমি যতটুকু জানি, তিনি তুহিন ভাইয়ের আমন্ত্রণে এসেছেন।



