Advertisement

ত্রাণমন্ত্রীর আশা/তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হতে পারে আগামী বছর

এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হতে পারে আগামী বছর
সানিয়াজান নদীতে সেতু নির্মাণকাজ উদ্বোধন শেষে কথা বলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি : এশিয়া পোস্ট

আগামী বছরই বহুল কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জানান, তিস্তা প্রকল্পে স্থায়ী ও টেকসই সুফল পেতে পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেই সরকার এ কাজে হাত দিতে চায়।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সানিয়াজান নদীতে সেতু নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী জানান, শুষ্ক মৌসুমে তিস্তার পানি সংকট দূর করা ও পানি ধরে রাখার লক্ষ্যে বর্তমান ব্যারাজের ভাটিতে (ডাউনে) নতুন আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে কারিগরি (টেকনিক্যাল) কমিটি। তিস্তা নদী ব্যবস্থাপনা ও কারিগরি দিকগুলোর পর্যালোচনায় আগামী ১৮ আগস্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিস্তা আমাদের জীবন-সংগ্রামের সঙ্গে জড়িত। রংপুরের পাঁচ জেলার দুই কোটি মানুষের দাবির মুখে বর্তমান প্রধানমন্ত্রীও এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন এবং অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটি একটি বিশাল প্রকল্প, তাই জনগণের অর্থ যেন অকার্যকর কোনো খাতে ব্যয় না হয়, সে জন্য একটু ধৈর্য ধরে টেকসই পরিকল্পনায় এগোতে হচ্ছে।

সম্প্রতি চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ দেশের ক্ষতিগ্রস্ত সাতটি জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষক ও অবকাঠামো পুনর্বাসনে সরকারের তিন স্তরের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। ইতিমধ্যে তাৎক্ষণিক ত্রাণ ও শুকনো খাবার পৌঁছে দেওয়ার পর এখন ডুবে যাওয়া কৃষি জমির ক্ষতিপূরণে বীজ প্রদান এবং এলজিইডি ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কারের কাজ শুরু হয়েছে।

এর আগে, ত্রাণমন্ত্রী হাতীবান্ধায় সমতলের চা-বাগান পরিদর্শন করেন এবং পরবর্তীতে পাটগ্রাম থানা ভবনের নতুন নির্মাণকাজ উদ্বোধন করেন।