logo

তিস্তা নিয়ে বড় আশ্বাস না পেয়ে কষ্ট পেয়েছি

তিস্তা নিয়ে বড় আশ্বাস না পেয়ে কষ্ট পেয়েছি
লালমনিরহাটে নাব্যতা হারানো তিস্তার বুকে জেগে ওঠা চরে সবুজের সমারোহ। ছবি: এশিয়া পোস্ট

প্রায় দুই দশকের দীর্ঘ অপেক্ষা আর তিস্তা পাড়ের মানুষের বুকভরা প্রত্যাশা। সরকারপ্রধান তারেক রহমানের প্রথম লালমনিরহাট সফর ঘিরে নদী তীরবর্তী এলাকায় তৈরি হয়েছিল নানা হিসাব-নিকাশ। ভাঙন, খরা আর নদীকেন্দ্রিক জীবন-সংগ্রামের মাঝে দাঁড়িয়ে তিস্তা নদীপাড়ের স্থায়ী সুরক্ষা নিয়ে সফর থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা প্রত্যাশা করেছিলেন স্থানীয়রা। তবে দিনব্যাপী সফরে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, গ্যাসলাইন ও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা উঠে এলেও তিস্তা নিয়ে সরাসরি কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আক্ষেপের সুর শোনা গেছে নদীপাড়ের মানুষের কণ্ঠে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একদিনের সফরে লালমনিরহাটে আসেন তারেক রহমান। সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন ও ক্যাম্পাস পরিদর্শন করেন।

Advertisement

সেখানে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাব করার লক্ষ্যমাত্রা, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ এবং তরুণদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের কথা জানান।

পরে দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর মন্ডলেরহাটে পানি নিষ্কাশন ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেন এবং জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন। এ সময় লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন তিনি।

জনসভায় বক্তব্যে বিগত সরকারের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, ১৬ বছর ক্ষমতায় থেকেও কেন তিস্তা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করা হয়নি এবং কেন এই এলাকায় গ্যাসলাইন ও ইপিজেড স্থাপন করা হয়নি। একই সঙ্গে তিনি খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন আনার পরিকল্পনা, আগামী মাস থেকে ফ্যামিলি কার্ডের আওতায় নারীদের মাসিক আড়াই হাজার টাকা সহায়তা, কৃষক কার্ড, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, প্রাথমিক শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস, ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি এবং ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানীর কথা তুলে ধরেন। এ ছাড়া চলমান নাশকতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কঠোর জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।

তবে সফরে বড় ও বহুমুখী উন্নয়ন পরিকল্পনার কথা উঠে এলেও তিস্তা নদী ও ভাঙনকবলিত মানুষের স্থায়ী সমাধান নিয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসায় কিছুটা হতাশ হয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।

তিস্তা পাড়ের বাসিন্দা ও কৃষক মফিজুল ইসলাম বলেন, প্রতিবছর বর্ষায় ভাঙন আর শুকনো মৌসুমে পানির কষ্টে আমাদের সব শেষ হয়ে যায়। সফর ঘিরে আমাদের অনেক আশা ছিল। ভেবেছিলাম, তিস্তা নিয়ে একটি বড় পরিকল্পনার কথা শুনতে পাব, যা আমাদের বেঁচে থাকার পথ দেখাবে। কিন্তু এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় মনটা একটু খারাপই লাগল।

নদীপাড়ের আরেক বাসিন্দা রিনা বেগম বলেন, নদীর কিনারে ঘরবাড়ি নিয়ে কতবার যে ভিটামাটি হারিয়েছি, তার হিসাব নেই। আমাদের প্রত্যাশা ছিল, তিস্তা পাড়ের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে স্থায়ী কোনো উদ্যোগের কথা জানানো হবে। এ বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় কিছুটা হতাশ হয়েছি। তবু আশা ছাড়ছি না, সামনে হয়তো আমাদের সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় যুবক শরিফুল ইসলাম বলেন, তরুণদের জন্য স্টার্টআপ ফান্ড বা বড় বড় উন্নয়ন পরিকল্পনার কথা শুনে ভালো লেগেছে। তবে আমাদের লালমনিরহাটের অন্যতম প্রধান সমস্যা তিস্তা। তিস্তা বাঁচলে এই অঞ্চলের মানুষও বাঁচবে। তাই তিস্তা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবায়নের ঘোষণা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশিত ছিল।

অন্যদিকে তিস্তা পাড়ের মানুষের প্রত্যাশার পাশাপাশি সফরকে ঘিরে জেলার সার্বিক উন্নয়ন নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতারা। মঞ্চে উপস্থিত ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

তিস্তা নদীর ভাঙন রোধ, শুষ্ক মৌসুমে পানির সংকট নিরসন এবং নদীপাড়ের মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা এখনো এই অঞ্চলের মানুষের অন্যতম প্রধান প্রত্যাশা।