প্রযুক্তি ব্যবহারে বজ্রপাতের ৩০ মিনিট আগেই কৃষকদের সতর্ক করা সম্ভব: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বুয়েটের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়েছে। সেন্সর ও সাইরেন প্রযুক্তি ব্যবহার করে বজ্রপাতের ৩০ মিনিট আগেই কৃষক ও জেলেদের সতর্ক করা সম্ভব। সাইক্লোন ও ফ্লাড শেল্টারের পাশাপাশি দেশে ‘বজ্রপাত শেল্টার’ নির্মাণের প্রকল্প নেওয়া হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই দিনব্যাপী ‘১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা–২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। সাম্প্রতিক সময়ে দেশে বজ্রপাতে প্রাণহানি সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে প্রতি বছর আড়াইশ থেকে তিনশ মানুষের মৃত্যু হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধাকে কাজে লাগিয়ে সরকার দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আরও বাড়াতে চায়। বিশেষ করে বজ্রপাতের আগাম সতর্কবার্তা ও আশ্রয়কেন্দ্র নির্মাণে তরুণ গবেষকদের উদ্ভাবন বড় ভূমিকা রাখতে পারে।
ভূমিকম্পের ঝুঁকির কথা উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্যোগকালীন তাৎক্ষণিক উদ্ধারকাজের জন্য সারাদেশে ১ লাখ স্বেচ্ছাসেবী গঠন করা হচ্ছে। এ ছাড়া ঢাকার উত্তর ও দক্ষিণে ৪৫০টি খোলা মাঠ আশ্রয়কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নিজ জেলার এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব প্রকাশ করে ত্রাণমন্ত্রী বলেন, গতকাল প্রধানমন্ত্রী লালমনিরহাট সফরে এসে এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। এটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠলে এখানে শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই বাংলাদেশের সবচেয়ে ব্রিলিয়ান্ট ও স্মার্ট প্রজন্ম। বড় স্বপ্ন দেখতে হবে এবং সাহস, শক্তি ও মেধার সমন্বয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় ২৭টি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭৪টি দলের ২৯৬ জন প্রতিযোগী চারটি বিভাগে অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।




