Advertisement

শতভাগ জিপিএ-৫ পাওয়া সেই নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ

এশিয়া পোস্ট নিউজ, নরসিংদী
শতভাগ জিপিএ-৫ পাওয়া সেই নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ
এসএসসি পরীক্ষায় ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি : এশিয়া পোস্ট

চলতি বছরের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পাওয়ার ঘটনা নিয়ে বিতর্কের মধ্যে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

Advertisement

রোববার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। শতভাগ জিপিএ-৫ পাওয়ার বিষয়টির সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করে ব্যাখ্যা দিতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, বিভিন্ন গণমাধ্যমে প্রতিষ্ঠানটির সব পরীক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ার খবর প্রকাশের পর বিষয়টি শিক্ষা বোর্ডের নজরে আসে। এরপর ফলাফলের সার্বিক সত্যতা যাচাই এবং এ বিষয়ে প্রতিষ্ঠানের ব্যাখ্যা জানতে শোকজ করা হয়।

বোর্ডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ফলাফল ও সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা চাওয়া হয়েছে। শোকজের জবাব এবং পরবর্তী যাচাই-বাছাই শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের প্রধান শিক্ষক মো. ইমন আহমেদ বলেন, শোকজের বিষয়ে আমরা অবগত আছি। আমাদের ৪৮৫ জন শিক্ষার্থীর মধ্যে ১০৩ জন টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় তারা এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি। বাকি ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। বিষয়টি নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমাদের সব কার্যক্রমে স্বচ্ছতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আমরা বোর্ডকে জবাব দেব।

২০০৮ সালে থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা শহরের ভেলানগর এলাকায় নিজের ও স্ত্রীর নামে যৌথভাবে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। বর্তমানে ১৭৪ জন তরুণ ও মেধাবী শিক্ষকের তত্ত্বাবধানে কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ হাজার ২০০ জন।

বিষয় :