দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে নোয়াখালীর এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ২০২৩ সালে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান রুবেল। সেখানে তিনি তার ফুপাতো ভাইয়ের দোকানে কর্মরত ছিলেন। রোববার রাতে দোকানের মালামাল কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধা মা রেখে গেছেন।
রুবেলের অকালমৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশাহারা স্বজনরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম জানান, বিষয়টি তিনি খোঁজখবর নিচ্ছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
