logo

চেতনানাশক খাইয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

চেতনানাশক খাইয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
গ্রেপ্তার শাহীন ও নুরুল আবছার। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের সাতকানিয়ায় ১৪ বছর বয়সি এক কিশোরীকে চেতনানাশক খাইয়ে ধর্ষণের অভিযোগে মো. শাহীন ইমনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহীন স্থানীয় পর্যায়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় এবং নিজেকে উপজেলা ছাত্রদলের সংগঠক হিসেবে পরিচয় দেন।

এ ঘটনায় গ্রেপ্তার অন্যজন হলেন নুরুল আবছার (৩৮)। মামলার এজাহারে তার বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া হোসনে আরা (৩২) নামের আরেক সহযোগিতাকারী বর্তমানে পলাতক রয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) রাতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার সকালে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভিকটিম কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, শনিবার (২৪ অক্টোবর) রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটিতে মূল অভিযুক্তের বিরুদ্ধে কিশোরীকে চেতনানাশক খাইয়ে ধর্ষণের এবং বাকি দুজনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।