মেয়ের বটির কোপে প্রাণ গেল মায়ের

ফেনীর দাগনভূঞায় মেয়ের বটির কোপে সেতারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ডেউলিয়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ডেউলিয়া গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে রিনা আক্তার রানু (৩৮) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও চিকিৎসাধীন ছিলেন। ঘটনার দিন তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে নতুন ওষুধ দেওয়া হয়। রাতে সেই ওষুধ খাওয়ানোর সময় মা সেতারা বেগমকে ধারালো বটি দিয়ে গলা ও পায়ে কোপ দেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত রিনা ঘরের ভেতর থেকে দরজা আটকে দেন। পরে দাগনভূঞা থানা-পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বটিটি জব্দসহ অভিযুক্তকে থানা হেফাজতে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
