logo

থানা চত্বরে আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান

থানা চত্বরে আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান
বাঁ থেকে শরিফুল ইসলাম খান ও রুবেল মাহমুদ। ছবি : এশিয়া পোস্ট

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে থানা থেকে আদালতে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে ধুনট থানা চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে নিরাপত্তা জোরদার করে দ্রুত তাদের নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা হয় পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন ধুনট পৌর শহরের পূর্ব ভরণশাহী গ্রামের জরিফ খানের ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান (৫২) এবং মাটিকোড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা ধুনট উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে একটি পথসভা করেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে ওই পথসভায় ককটেল হামলা এবং ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। পরে তাঁরা সেখানে আনন্দ-উল্লাস করেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা জাসাসের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন্নবী তালুকদার বাদী হয়ে ২০২৪ সালের ১৭ অক্টোবর ধুনট থানায় মামলা করেন। মামলায় ৮১ জনের নাম উল্লেখ করা হয়। গ্রেপ্তার শরিফুল ইসলাম খান ও রুবেল মাহমুদ ওই মামলার এজাহারভুক্ত আসামি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট