অভিযানের খবর পেয়ে পালালেন ব্যবসায়ী, গোডাউনে মিলল ৩২০ বস্তা সার

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে অভিযান চালিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দোকান ও গোডাউন থেকে ৩২০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা সারের মধ্যে টিএসপি, ডিএপি ও ইউরিয়া রয়েছে। অভিযানের খবর পেয়ে ওই ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকারের নেতৃত্বে কার্তিকপাড়া বাজারে যৌথ অভিযান চালানো হয়।
এ সময় বালাইনাশক বিক্রেতা মো. সাইদুল রহমানের দোকান ও গোডাউনে তল্লাশি চালিয়ে সেখানে মজুত রাখা বিভিন্ন ধরনের ৩২০ বস্তা সার পাওয়া যায়। পরে এসব সার জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
প্রশাসন সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত ব্যবসায়ী মো. সাইদুল রহমান (৩৮) রাজশাহীর দুর্গাপুর উপজেলার আড়ইল পূর্বপাড়া গ্রামের মৃত ফছির উদ্দীনের ছেলে। অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
জব্দ করা সার বর্তমানে পুঠিয়া উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। এ ঘটনায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে সাইদুল রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান জানান, কৃষকদের জন্য নির্ধারিত সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট বা অবৈধ মজুত ঠেকাতে বাজারে নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযান ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের মাধ্যমে সার বিক্রি ও মজুতের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া কৃষি মৌসুমে সারের সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


