কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল কিশোরের, ৩ ঘণ্টা সড়ক অবরোধ

চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ফয়সাল (১৭) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শনিবার (২৮ নভেম্বর) সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের রাঢ়া কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল শাহরাস্তি উপজেলার আজাগরা গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার ছেলে। সে ওয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কাজ করত।
স্থানীয় লোকজন জানান, সকালে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় ফয়সাল। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করে এবং প্রায় তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


