logo

বিএনপির মিছিলে ‘ছাত্রলীগ-যুবলীগের ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান

বিএনপির মিছিলে ‘ছাত্রলীগ-যুবলীগের ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপির ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের ভিডিও থেকে নেওয়া।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগানের দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে এ স্লোগান শোনা যায়।

স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, মিছিলের শুরুতে স্বাভাবিকভাবেই কর্মসূচি চলছিল। পরে মিছিলের একপর্যায়ে গলাচিপা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল ওই স্লোগান দেন।

তবে ফয়সাল আহমেদের দাবি, এটি ইচ্ছাকৃতভাবে বলা হয়নি। দলীয় স্লোগান দিতে গিয়ে ভুলবশত মুখ ফসকে ছাত্রলীগ ও যুবলীগের নাম চলে আসে।

ফয়সাল আহমেদ বলেন, ভুলবশত হঠাৎ করে মুখ ফসকে দলের নাম বলতে গিয়ে লীগের নাম বলে ফেলি। বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত। এ ভুলের জন্য আমি অনুতপ্ত। ভবিষ্যতে এমন ভুল আর হবে না।

আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিক গাজী বলেন, আমরা নিজেরাই দলীয় কর্মসূচি পালন করেছি। সেখানে অন্য দলের লোকজন আসার প্রশ্নই ওঠে না। ভুলবশত এমনটা হয়ে থাকতে পারে।