নারায়ণগঞ্জে কৃষক দল সভাপতিসহ ৭ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে থাকা আরও ৬ থেকে ৭ জন নেতাকর্মী ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা আদালতের বাইরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে ইসদাইর রসুলবাগের প্রবেশমুখে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের পক্ষের লোকজনের অভিযোগ, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একাধিক হত্যা মামলার আসামি দেলোয়ার ওরফে দেলুকে ধরতে যাওয়াকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। হামলার পেছনে নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের যোগসাজশ রয়েছে বলেও দাবি করেন তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন উজ্জ্বল।
জুয়েল আরমানের সঙ্গে থাকা নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মামলায় হাজিরা শেষে আদালত থেকে বের হয়ে তারা লিংক রোডের পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পাশের একটি গলিতে হত্যা মামলার আসামি দেলুকে দেখতে পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে কয়েকজন সেখানে যান।
তাদের অভিযোগ, আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন দেলু, তার দুই ছেলে শামীম হাওলাদার ও জুয়েল হাওলাদার এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন। তারা ধারাল দেশীয় অস্ত্র, লোহার রড, গ্যাসের পাইপ ও মোটা কাঠের লাঠি নিয়ে অতর্কিতে হামলা চালান। সংখ্যায় বেশি হওয়ায় হামলাকারীদের প্রতিরোধ করা সম্ভব হয়নি। এতে কৃষক দল সভাপতি জুয়েল আরমান, ইব্রাহিম, কাউছার ও সোহেলসহ ৬ থেকে ৭ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত জুয়েল আরমানকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত ব্যক্তিদের পক্ষের লোকজনের দাবি, দেলুকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়ায় উজ্জ্বলের ইন্ধনে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সুমন আহমেদ এশিয়া পোস্টকে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে জেনেছি, দেলুর সঙ্গে জায়গাজমি নিয়ে জুয়েল আরমানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ওই মামলায় জামিন নিতে দেলু এবং জমিসংক্রান্ত মামলার হাজিরায় জুয়েল আরমান আদালতে যান। এ সময় জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের নেতৃত্বে তার অনুসারী ও দেলুর লোকজন সংঘবদ্ধভাবে জুয়েল আরমানের ওপর হামলা চালায়। একজন রাজনৈতিক নেতার ওপর এমন হামলা মেনে নেওয়া যায় না। সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
অভিযোগ অস্বীকার করে সিদ্দিকুর রহমান উজ্জ্বল এশিয়া পোস্টকে বলেন, আমাকে জড়িয়ে যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি দেলু নামে কাউকে চিনি না। জুয়েল আরমান আমার দলীয় ভাই। তার সঙ্গে আমার কখনো খারাপ সম্পর্ক ছিল না। জেলা পরিষদে যাওয়ার পথে রাস্তায় ঝামেলা দেখে আমি কেবল পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, আদালত থেকে পুলিশ সুপারের কার্যালয় হয়ে কারাগার পর্যন্ত ২৬টি সিসি ক্যামেরা রয়েছে। ফুটেজ যাচাই করলেই বিষয়টি পরিষ্কার হবে। যারা হামলা করেছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম এশিয়া পোস্টকে বলেন, আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে হাতাহাতির একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






