logo

অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার রেসকিউ বোট, উধাও যন্ত্রাংশ

অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার রেসকিউ বোট, উধাও যন্ত্রাংশ
নদীপাড়ে পড়ে থাকা রেসকিউ বোট। ছবি: এশিয়া পোস্ট

দুর্যোগে মানুষের জীবন বাঁচানো ও ত্রাণ পৌঁছানোর কথা থাকলেও কুড়িগ্রামে কোটি টাকায় কেনা চারটি রেসকিউ বোট এখন পড়ে আছে ধরলা নদীর বালুচরে। প্রায় ছয় বছর আগে কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছিল বোটগুলো। কিন্তু বন্যাপ্রবণ কুড়িগ্রামে মানুষের জীবন বাঁচানোর কাজে ব্যবহারের বদলে সেই বোটগুলোই এখন পড়ে আছে অযত্নে-অবহেলায়।

সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রামের ধরলা নদীর অববাহিকায় শুকনো বালুচরে পড়ে রয়েছে বোট চারটি। দীর্ঘদিন ধরে রোদ-বৃষ্টিতে পড়ে থাকায় সেগুলোর বিভিন্ন অংশ নষ্ট হচ্ছে। নেই নিয়মিত ব্যবহার, নেই যথাযথ রক্ষণাবেক্ষণের দৃশ্যমান ব্যবস্থা। সরকারি অর্থে কেনা এসব বোটের এমন অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন, দুর্যোগের সময় মানুষের জীবন বাঁচানোর জন্য কেনা বোটগুলোই যদি কাজে না আসে, তাহলে সেগুলো কেনার উদ্দেশ্য কী?

Advertisement

নদ-নদীবেষ্টিত জেলা কুড়িগ্রাম। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারসহ বিভিন্ন নদ-নদীর অববাহিকায় প্রতিবছরই বন্যার কবলে পড়েন হাজার হাজার মানুষ। বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেলে প্লাবিত হয় জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়ে বহু পরিবার। অনেক সময় ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয় উঁচু স্থান কিংবা আশ্রয়কেন্দ্রে। বিচ্ছিন্ন হয়ে পড়ে চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষকে উদ্ধার এবং তাদের কাছে ত্রাণ পৌঁছে দিতে রেসকিউ বোটের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে দুর্গম চরাঞ্চলে বন্যার পানি বেড়ে গেলে শিশু, নারী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। কোথাও কোথাও নৌযানের অভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমও ব্যাহত হয়। এমন পরিস্থিতি মোকাবিলায় রেসকিউ বোটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। কিন্তু বাস্তবে সেগুলো পড়ে রয়েছে নদীর বালুচরে। ফলে বন্যার সময় এসব বোট কতটা কার্যকরভাবে ব্যবহার করা যাবে, তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বোটগুলোর বর্তমান অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেবে। পাশাপাশি এগুলো পরিচালনার জন্য পর্যাপ্ত লোকবল ও বরাদ্দ নিশ্চিত করা হোক। যাতে মানুষের জীবন বাঁচানোর জন্য কেনা সরকারি সম্পদ আর বালুচরে পড়ে থেকে নষ্ট না হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোটগুলো কেনার পর থেকে যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় সেগুলোর কার্যকারিতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের মতে, শুধু সরকারি অর্থ ব্যয় করে উদ্ধারযান কিনলেই দায়িত্ব শেষ হয় না। সেগুলো সচল রাখতে নিয়মিত দেখভাল, প্রয়োজনীয় মেরামত এবং পরিচালনার জন্য লোকবলও নিশ্চিত করতে হয়।

তারা বলেন, বন্যাপ্রবণ কুড়িগ্রামে দুর্যোগ মোকাবিলায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত জরুরি। বিশেষ করে দুর্গম চরাঞ্চলে পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রেসকিউ বোটের বিকল্প নেই। অথচ কোটি টাকা ব্যয়ে কেনা চারটি বোট পড়ে রয়েছে অযত্নে। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয়ের আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে দুর্যোগের সময় প্রয়োজনীয় উদ্ধারসেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিও বাড়বে।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, কুড়িগ্রামে প্রতিবছর বন্যা হয়। তখন অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েন। বিশেষ করে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। তাদের উদ্ধার করতে নৌযানের প্রয়োজন হয়। অথচ সরকারি টাকায় কেনা বোটগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে। বন্যার সময় এগুলো কাজে লাগানো গেলে মানুষের অনেক উপকার হবে।

হামিদুল ইসলাম নামের আর একজন বলেন, বোটগুলো দ্রুত মেরামত করে ব্যবহারের উপযোগী করা হোক। একই সঙ্গে এগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের ব্যবস্থা করা দরকার। তা না হলে ভবিষ্যতে বড় ধরনের বন্যা কিংবা অন্য কোনো দুর্যোগের সময় গুরুত্বপূর্ণ এসব উদ্ধারযান কোনো কাজে আসবে না।

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, প্রয়োজনীয় লোকবল ও বরাদ্দ না থাকায় বোটগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ কিংবা সচল রাখা সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রাবেয়া খাতুন

সম্পাদনা

রাবেয়া খাতুন

সাব এডিটর | এশিয়া পোস্ট