logo

নড়াইলে চার ঘণ্টায় পানিতে তিন শিশুর মৃত্যু

নড়াইলে চার ঘণ্টায় পানিতে তিন শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নড়াইলে চার ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) নড়াইল পৌরসভা ও সদর উপজেলায় সকালে ও দুপুরে এসব ঘটনা ঘটে।

মৃতরা হলো নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকার মাজেদুল শেখের পাঁচ বছর বয়সি ছেলে আবু বক্কর ও দুই বছর বয়সি ছেলে ওমর ফারুক এবং নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামের বাপ্পী শেখের দেড় বছর বয়সি ছেলে আব্দুর রহমান।

স্বজন, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভাটিয়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় আবু বক্কর ও ওমর ফারুক। শিশুদের বাবা মাজেদুল শেখ সকালে কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। মা ঘরে বিশ্রাম নেওয়ার সময় ঘুমিয়ে পড়েন। দুই শিশু খেলতে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

ঘুম থেকে উঠে সন্তানদের ঘরে না দেখে তাদের মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই দিন বিকেলে আব্দুর রহমান নামের আরেক শিশুর মৃত্যুর বিষয়ে স্থানীয় সিঙ্গাশোলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শেখর বিশ্বাস জানান, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে থাকা একটি পানিভর্তি গর্তে পড়ে যায় শিশুটি। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে গর্ত থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মোটরসাইকেলযোগে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অলোক কুমার বাগচী জানান, সকাল সোয়া ১১টার দিকে প্রথমে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তারা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। দুপুর ২টার দিকে আরও একটি শিশুকে আনা হলে পরীক্ষার পর তাকেও মৃত ঘোষণা করা হয়।