থানায় তদবির করতে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার কাহালু থানায় একটি অভিযোগের নিষ্পত্তি নিয়ে আলোচনায় এক পক্ষের হয়ে তদবির করতে গিয়ে আবু বক্কর সিদ্দিক (৩৮) নামের উপজেলা যুবলীগের এক সদস্য গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে থানার গোলঘর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আবু বক্কর সিদ্দিক ২০২৫ সালে দায়ের হওয়া একটি মামলার তালিকাভুক্ত আসামি। জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে তার বিরুদ্ধে ওই মামলা করা হয়েছিল। বুধবার দুপুরে কাহালু উপজেলার উলট্ট গ্রামের একটি অভিযোগের বিষয়ে থানার গোলঘরে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। এসময় আবু বক্কর সিদ্দিক সেখানে উপস্থিত হয়ে একটি পক্ষের হয়ে কথা বলতে ও তদবির করতে থাকেন।
আলোচনার একপর্যায়ে অপর পক্ষের লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে জানান, আবু বক্কর সিদ্দিক কাহালু উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। পরে পুলিশ তার পরিচয় ও মামলার তথ্য যাচাই করে। মামলার তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে থানার গোলঘর থেকেই গ্রেপ্তার করা হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ২০২৫ সালে দায়ের হওয়া একটি মামলা রয়েছে। খবর পাওয়ার পর বিষয়টি যাচাই করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
