logo

ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে আগুন, গ্রেপ্তার ৩

ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে আগুন, গ্রেপ্তার ৩
গ্রেপ্তারকৃতরা। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ নগরের বাড়িকলোনী এলাকার মো. সজলের ছেলে রোহান ইসলাম (১৬), আকুয়া হাবুন ব্যাপারী মোড় এলাকার মো. ওসমান গণির ছেলে রবিউল আওয়াল (১৭) ও একই এলাকার মাহমুদুর রহমান উজ্জ্বলের ছেলে হাসিবুর রহমান পিয়াস (২১)।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ও স্থানীয় সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রোববার দিবাগত রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে, রোববার দিবাগত রাত দেড়টার দিকে মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা একদল দুর্বৃত্ত শহরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন মোড়ে শহীদ সাগর স্মৃতিস্তম্ভে একটি টায়ার রেখে আগুন ধরিয়ে দেয়। এতে আগুনের ধোঁয়া ও কালিতে সাগরের প্রতিকৃতি কালো হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ নেতা-কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারাও।

এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল ৯টা থেকে স্মৃতিস্তম্ভের সামনে আমরণ অনশন শুরু করেন জুলাই যোদ্ধারা। অনশনকারীদের ফেস্টুনে লেখা ছিল: ‘অনশন, সাগর চত্বরে আগুন কেন, প্রশাসন জবাব চাই।’ এ সময় ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘একশন একশন, ডাইরেক্ট একশন’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। প্রায় সাত ঘণ্টা পর বিকেল চারটার দিকে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের আশ্বাসে অনশন প্রত্যাহার করেন জুলাই যোদ্ধারা।

অনশনে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক ও সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ময়মনসিংহ জেলার আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব মাজাহারুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব খলিলুর রহমানসহ অনেকে।

শহীদ রেদোয়ান হোসেন সাগর ময়মনসিংহ নগরের চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামান মিয়ার ছেলে। তিনি জেলার ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

২০২৪ সালের ১৯ জুলাই নগরীর সি কে ঘোষ রোডে ছায়াবাণী সিনেমা হলের সামনে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান রেদোয়ান হাসান সাগর। ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শহরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন মোড়ে ‘সাগর চত্বর’ গড়ে তোলা হয়। প্রতিবছর এখানে শহীদ সাগরকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক ও মাথায় সাদা ক্যাপ পরা অবস্থায় এ ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।