logo

সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধা

সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধা
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত। ছবি : এশিয়া পোস্ট

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই নারী আন্তর্জাতিক শূন্যরেখার ওপারে ভারতীয় অংশে অবস্থান করছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।

এর আগে, মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

সীমান্তবর্তী সূত্র ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে আনুমানিক ৩০ বছর বয়সি এক নারী পাথরেরচর সীমান্ত দিয়ে আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দেন। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি নিজের নাম-ঠিকানা বা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এমনকি তিনি অসংলগ্ন কথাবার্তাও বলেন। পরবর্তীতে তাকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এশিয়া পোস্টকে বলেন, সীমান্তে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। আমরা আগের মতোই সেখানে সতর্ক পাহারা জোরদার রেখেছি। তিনি এখনও ভারতের ভেতরেই অবস্থান করছেন, আমরা তাকে বাংলাদেশে ঢুকতে দিইনি।