logo

ছয় ঘণ্টা ছদ্মবেশে অবস্থানের পর ধানক্ষেতে মিলল ১১ লাখ ইয়াবা, আটক ২

ছয় ঘণ্টা ছদ্মবেশে অবস্থানের পর ধানক্ষেতে মিলল ১১ লাখ ইয়াবা, আটক ২
আটক আবছার উদ্দীন ও মো. আদিল। ছবি : এশিয়া পোস্ট

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ ইয়াবা ও পাঁচটি দেশি রামদাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানক্ষেতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার সলিম উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভীবাজার এলাকার ছলিম উদ্দিনের ছেলে মো. আদিল (২৬)।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান বলেন, মঙ্গলবার টেকনাফ সদরের শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, একটি মাদক কারবারি চক্র সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহের জন্য হ্নীলার মৌলভীবাজার এলাকায় অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে এসআরবির সদস্যরা দুটি দলে ভাগ হয়ে প্রায় ছয় ঘণ্টা ছদ্মবেশে সেখানে অবস্থান নেন। পরে রাত সাড়ে ১১টার দিকে আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন ধানক্ষেতে অভিযান চালিয়ে ১১ লাখ ইয়াবা ও পাঁচটি দেশি রামদাসহ দুজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, মিয়ানমার সীমান্ত ব্যবহার করে সংঘবদ্ধ মাদক চক্রের মাধ্যমে ইয়াবার বড় বড় চালান দেশে প্রবেশ করছে। এসব মাদক যুবসমাজকে ধ্বংসের পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধের বিস্তার ঘটাচ্ছে। মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে এসআরবি গোয়েন্দা নজরদারি জোরদার এবং নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ৬ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এসআরবি ৫৫টি অভিযান পরিচালনা করে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০টি ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি ও ২৭টি খালি খোসা উদ্ধার করেছে। এ ছাড়া এসব অভিযানে অপহরণ ও মানবপাচারের শিকার সাতজনকে উদ্ধারসহ মোট ৮৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।