logo
Advertisement

ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ঝিনাইদহ
ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০
যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুর্ঘটনায় পতিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : এশিয়া পোস্ট

ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তবে আহত ব্যক্তির সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী গড়াই পরিবহনের বাসটি কেয়াবাগান এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় এর সামনের একটি চাকা খুলে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গিয়ে সামনের গ্লাসসহ বিভিন্ন অংশ দুমড়েমুচড়ে যায়। তবে চাকা খুলে যাওয়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। স্থানীয় সূত্রে অন্তত ২০ জন আহত হওয়ার কথা জানা গেলেও, তাদের অনেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে যশোরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নেন। ফলে আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার দিপু বিশ্বাস জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তবে তাদের পরবর্তীতে অন্য কোনো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে কিনা, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শিশির সানা জানান, সকালে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত সাতজনকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও শাবানা খাতুন (৩২) ও মাসুদ রানা (২৯) নামের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।