logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

শকুন বাঁচাতে সুন্দরবনে বসছে ১০ দেশের বিশেষজ্ঞদের সম্মেলন

শকুন বাঁচাতে সুন্দরবনে বসছে ১০ দেশের বিশেষজ্ঞদের সম্মেলন
চরে দাঁড়িয়ে আছে শকুন পাখি। ছবি : এশিয়া পোস্ট

প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে পরিচিত শকুন এখন আর গ্রামবাংলায় আগের মতো চোখে পড়ে না। নিরাপদ আবাসস্থল ও খাদ্যসংকটসহ নানা কারণে গত তিন দশকে বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আশঙ্কাজনক হারে কমেছে এই পাখির সংখ্যা। মহাবিপন্ন প্রজাতির তালিকায় থাকা এই পাখির অস্তিত্ব রক্ষা, বংশবিস্তার ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে এবার সুন্দরবনে জাহাজে অনুষ্ঠিত হতে যাচ্ছে শকুন সংরক্ষণবিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত সুন্দরবনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বন বিভাগের আয়োজনে সম্মেলনে সহযোগিতা করছে আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস (আরএসপিবি) এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

Advertisement

তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম। বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকার ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সুন্দরবন বিভাগ ও আইইউসিএন সূত্রে জানা গেছে, এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধে কাজ করা আন্তর্জাতিক জোট ‘সেভ’ (সেভিং এশিয়া’স ভলচার্স ফ্রম এক্সটিংশন)-এর বার্ষিক এই সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের প্রায় ৩০ জন বিশেষজ্ঞ, গবেষক ও সংরক্ষণকর্মী অংশ নেবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, কানাডা, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়া।

আন্তর্জাতিক এই সম্মেলনে শকুনের বর্তমান অবস্থা, মৃত্যুর কারণ, সংরক্ষণ কার্যক্রম, গবেষণা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধের ব্যবহার নিয়ন্ত্রণ, নিরাপদ অঞ্চল গড়ে তোলা, নিরাপদ খাদ্য সরবরাহ, চিকিৎসা, সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন, প্রকৃতিতে অবমুক্তকরণ এবং আন্তঃদেশীয় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শকুন সংরক্ষণে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আইইউসিএনের প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, ২০২৩ সালে বন বিভাগ ও আইইউসিএনের যৌথ শুমারিতে বাংলাদেশে ২৬৭টি শকুনের অস্তিত্ব পাওয়া যায়।

ইইউসিএনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে শকুনের সংখ্যা ২৪৮টি। সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী ও লাউডোবসহ বিভিন্ন এলাকায় এবং সিলেট অঞ্চলে এসব শকুনের দেখা মেলে। অথচ চার-পাঁচ দশক আগেও দেশে শকুনের সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার।

তিনি আরও জানান, এশিয়া মহাদেশে শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও সংখ্যা পুনরুদ্ধারের লক্ষ্যে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় ‘সেভ’ জোট। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় শকুন সংরক্ষণে কাজ করছে সংস্থাটি। এর আগে ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এবং ২০২৫ সালে কম্বোডিয়ায় জোটটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারই প্রথম সুন্দরবনে জাহাজে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, ‘সেভ’ শকুন রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে। সংস্থাটির আন্তর্জাতিক বার্ষিক সভা এবারই প্রথম সুন্দরবনে অনুষ্ঠিত হচ্ছে। সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে এ ধরনের সম্মেলন আয়োজন শকুন সংরক্ষণে বাংলাদেশের উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের একত্র করে সংরক্ষণের অভিজ্ঞতা, গবেষণা ও প্রযুক্তিগত কৌশল বিনিময়ের মাধ্যমে বিপন্ন শকুনের সংখ্যা পুনরুদ্ধারে নতুন সম্ভাবনা তৈরি হবে।