logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

অতিথি পাখির কলকাকলিতে মুখর ঠাকুরগাঁও

অতিথি পাখির কলকাকলিতে মুখর ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি গ্রামে গাছের ডালে অতিথি পাখির ঝাঁক। ছবি : এশিয়া পোস্ট

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আশ্বিনের মাঝামাঝি সময় থেকে শীত পড়া শুরু হয়। শীতের শুরুতেই প্রতি বছরের ন্যায় এবারও ঝাঁক বেঁধে ঠাকুরগাঁওয়ে আসতে শুরু করেছে অতিথি পাখি। পাখির কলকাকলি আর ডানার ঝাপটায় মুখরিত হয়ে উঠেছে গ্রামের চারপাশ। নিরাপদ আশ্রয় পেলে অতিথি পাখিরাও বারবার ফিরে আসে আপন ঠিকানায়। মানুষ আর প্রকৃতির সহাবস্থানই যেন তার দৃশ্যমান দৃষ্টান্ত। এসব পাখির অবাধ বিচরণে মুগ্ধ স্থানীয়রা।

আকাশজুড়ে পাখির ঝাঁক। কখনো দলবেঁধে উড়ে চলা, আবার কখনো গাছের ডালে বসে ডাকাডাকি। পাখির কলকাকলিতে মুখরিত চারপাশ।

Advertisement

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি গ্রাম। প্রতিবছরই দেখা মেলে এমন দৃশ্যের। এ সময়ে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এসে ভিড় করে এখানে। স্থায়ী কোনো বাসা না বানালেও সারাদিনই এই এলাকা ঘিরে চলে তাদের বিচরণ। কখনো খাবারের সন্ধানে ছুটে বেড়ায়, আবার কখনো একসঙ্গে ডানা মেলে উড়ে যায় দূর আকাশে।

বাহারি রঙের এসব পাখির খুনসুটি আর ছোটাছুটিতে যেন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি। আকাশে যখন একসঙ্গে ডানা মেলে শত শত পাখি, তখন চোখের সামনে ভেসে ওঠে জলরঙে আঁকা কোনো জীবন্ত ছবি।

স্থানীয় বাসিন্দা জিয়া হক বলেন, প্রতিবছর শীতের শুরুতে আমাদের গ্রামে হাজার হাজার অতিথি পাখি আসে। তাদের কলকাকলিতে মুখর থাকে চারপাশ। যেন এক মনোরম দৃশ্য।

সুমন হাসান বলেন, বহু দূর থেকে এই সময় আমাদের গ্রামে অতিথি পাখি দেখতে আসে মানুষজন। তারা দেখে মুগ্ধ হয়। আমাদের গ্রামের কেউ যেন এসব অতিথি পাখি শিকার না করতে পারে, সেজন্য আমরা পাহারা দিই।

সেরেকুল নামে আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, শীতের সময় অতিথি পাখি আমাদের গ্রামে আসে নিরাপদ আশ্রয় ও খাবারের সন্ধানে। কিন্তু শিকারিদের তৎপরতা অব্যাহত থাকলে পাখিরা নিরাপদ আবাস হারাবে। পাখি রক্ষায় স্থানীয় মানুষকে সচেতন করার পাশাপাশি প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।

রুহিয়া উপজেলার গিন্নীদেবি কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, খড়িবাড়ি গ্রামে শুধু পাখির কলকাকলিই নয়, অতিথি পাখিদের অবাধ বিচরণে এখানকার প্রকৃতিও যেন পেয়েছে নতুন প্রাণ। পাশাপাশি স্থানীয়দের সচেতনতা ও ভালোবাসায় কয়েক বছর ধরে নিরাপদেই বিচরণ করছে এসব ডানাওয়ালা অতিথি পাখি। শিকার রোধে নজর রেখেছে প্রশাসনও।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক বলেন, পাখি শিকার একটি দণ্ডনীয় অপরাধ। প্রশাসন থেকে আমরা নিয়মিত তা তদারকি করছি। কেউ যেন এসব অতিথি পাখি শিকার না করতে পারে।

আসিফ আল আজাদ

সম্পাদনা

আসিফ আল আজাদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট