রাস্তায় কুড়িয়ে পেয়ে তিন ভরি স্বর্ণালংকার ফেরত দিলেন চানাচুর বিক্রেতা

তিন ভরি বেশি ওজনের স্বর্ণালংকার রাস্তায় কুড়িয়ে পেয়ে মালিকের কাছে ফেরত দিয়েছেন আমির উদ্দিন (৩৫) নামের এক চানাচুর বিক্রেতা। রোববার (২২ নভেম্বর) রাতে এই স্বর্ণালংকার ফেরত দেন তিনি।
চানাচুর বিক্রেতা আমির উদ্দিন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী জামলাবাজ গ্রামের বাসিন্দা। বর্তমানে সুনামগঞ্জ শহরের পশ্চিমবাজার এলাকায় বসবাস করেন ও ভ্যানগাড়িতে চানাচুর বিক্রি করেন।
জানা যায়, আমির উদ্দিন গতকাল রোববার সন্ধ্যার পর সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার এলাকায় তার ভ্যানের সামনের চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। ওই ব্যাগে অন্য জিনিসের সঙ্গে ছিল প্রায় তিন ভরি স্বর্ণালংকার। এর চার ঘণ্টা পর মালিকের সন্ধান পেয়ে ব্যাগসহ সেগুলো ফিরিয়ে দিয়েছেন তিনি।
রোববার রাত ১১টার দিকে চানাচুর বিক্রেতা ব্যাগটি থানায় নিয়ে যান। পরে পুলিশের সামনে সেটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। এসময় আমির উদ্দিনের সততায় মুগ্ধ হয়ে তাকে পাঁচ হাজার টাকা উপহার দেন স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার।
সজল তালুকদারের বাড়ি জেলার তাহিরপুর উপজেলার সুর্য্যেরগাঁও গ্রামে। তাহিরপুরের তার একটি ফার্মেসি রয়েছে। তার পরিবার শহরের আবুল হোসেন রোডে একটি বাড়িতে ভাড়া থাকেন। তার স্ত্রী স্বর্ণের একজোড়া হাতের বালা ও দুটি আংটি পরিষ্কার করতে গতকাল রোববার বিকেলে শহরের একটি স্বর্ণালংকারের দোকানে যান। তখন তার সঙ্গে সজল তালুকদার ও তাদের দুই শিশু সন্তান ছিল। কাজ শেষে তারা শহরের আলফাত স্কয়ার হয়ে ফল বাজারে হয়ে রিকশায় করে বাসায় ফেরেন। বাসার সামনে গিয়ে রিকশা থেকে নেমে দেখেন স্ত্রীর হাতের ব্যাগ নাই। কীভাবে, কোথায় পড়েছে সেটি তারা বুঝতে পারেননি।
এরপর সজল তালুকদার তার আরও দুই বন্ধুকে নিয়ে প্রথমে সুনামগঞ্জ সদর থানায় গিয়ে বিষয়টি জানান। হন্যে হয়ে বাজারে ব্যাগের সন্ধান করতে থাকেন। এক পর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরেন সজল। রাত প্রায় ১১টার দিকে তার বন্ধুরা অন্য একটি রিকশায় করে বাড়ি ফিরছিলেন। রিকশায় সজলের স্ত্রীর স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে আফসোস করছিলেন তারা। তখন এটি শুনে তাদের বহনকারী তরুণ রিকশাচালক আবু সাইদ একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়েছেন বলে জানেন। এটি সেই ব্যাগ কিনা তারা দেখতে পারেন। এরপর সজল তালুকদারকে নিয়ে চানাচুর বিক্রেতা আমির উদ্দিনের কাছে যান তারা।
চানাচুর বিক্রেতা আমির উদ্দিন জানান, ব্যাগটি পাওয়ার সময় পাশে রিকশাচালক আবু সাইদ ছিলেন। তবে ভেতরে সোনা আছে সেটি সাইদ জানেন না। ব্যাগটি খুলে তিনি দেখেন ভেতরে সোনার গয়না। এত দামি জিনিস দেখে ভয় পেয়ে যান। সঙ্গে থাকা ছেলে তারেকের হাতে সেগুলো দিয়ে ঘরে রেখে আসতে বলেন। আর ব্যাগটি তার কাছে রাখেন। পরে সজলের কাছ থেকে সব শুনে তিনি সেগুলো এনে ফেরত দিতে চান। কিন্তু সজল তালুকদার আমির উদ্দিনকে জানান, যেহেতু তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন তাই থানায় গিয়েই তিনি ব্যাগটি ফেরত নেবেন।
এরপর গতকাল রোববার রাত ১১টায় সদর থানার ওসির কক্ষে স্বর্নালংকারসহ ব্যাগটি ফেরত দেন। তিন ভরি স্বর্ণালংকার ফেরত দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। এরপর সেটি ভাইরাল হয়ে যায়।
চানাচুর বিক্রেতা আমির উদ্দিন জনান, তিনি দরিদ্র মানুষ, স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে সংসার। শহরের পশ্চিমবাজার এলাকায় একটি ভাঙাচোরা ভাড়া ঘরে থাকেন। নিজের ঘরবাড়ি নাই।
তিনি আরও বলেন, সোনা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আমার দোকানে সেগুলি রাখা নিরাপদ না, তিনবার দোকান চুরি অইছে। পরে ছেলেরে দিয়া ঘরে পাঠাইছি সাবধানে রাখবার লাগি। ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।
স্বর্ণের মালিক সজল তালুকদার বলেন, আমরা তিনজন মানুষ চার ঘণ্টা বাজারে ব্যাগটা খুঁজছি। আমির উদ্দিনকে সৎ ও সরল মনে হয়েছে। উপহার হিসেবে তাকে কিছু টাকা দিয়েছি। তিনি টাকা নিতে চাননি, জোর করে দিয়েছি।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এশিয়া পোস্টকে বলেন, ব্যাগসহ স্বর্ণালংকার হারানোর বিষয়টি সজল তালুকদার থানায় জানিয়েছিলেন। রাস্তায় সেই ব্যাগটি পাওয়া চানাচুর বিক্রেতা আমির উদ্দিনকে সৎ ও ভালো লোক মনে হয়েছে। যার কারণে ব্যাগটি ফেরত পাওয়া গেছে। নাহলে এত টাকার স্বর্ণালংকার ফেরত পাওয়া যেত না।

