নারায়ণগঞ্জে পুকুরে আবারও দেখা মিলল কুমিরের, পানি সেচে উদ্ধারের চেষ্টা

নারায়ণগঞ্জ বন্দর উপজেলার একটি গ্রামের পুকুরে আবারও দেখা মিলল সেই কুমিরের। বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জির পার এলাকায় কুমির নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত দুই দিন ধরে এলাকার একটি পুকুরে কুমিরটির উপস্থিতি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কুমিরের উপস্থিতিতে ঘনবসতিপূর্ণ এলাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা। এ অবস্থায় কুমিরটি উদ্ধারে পুকুরের পানি সেচে ফেলার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পুকুরে কুমিরটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দেন। খবর ছড়িয়ে পড়লে কুমিরটি একনজর দেখতে পুকুরপাড়ে কয়েকশ মানুষ ভিড় করে। নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় বাসিন্দারা পুকুরে গোসলসহ দৈনন্দিন কাজে পানিতে নামা বন্ধ করে দিয়েছেন।
কুমিরটি উদ্ধারে স্থানীয় দুটি পাম্পের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি পাম্প ব্যবহার করে পুকুরের পানি নিষ্কাশন করা হয়। পুকুর থেকে পানি কমিয়ে কুমিরটির অবস্থান নিশ্চিত করার পর জাল ফেলে উদ্ধারের পরিকল্পনা করছে প্রশাসন।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও বন্দরের তিনগাঁও এলাকায় কুমিরটির দেখা মিলেছিল। সে সময় বন বিভাগকে বিষয়টি জানানো হলেও কুমিরটি উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় দুই মাস পর আবারও লোকালয়ের পুকুরে কুমিরটির উপস্থিতি দেখা দেওয়ায় তারা উদ্বিগ্ন। তাদের অভিযোগ, আগেরবার কুমিরটি উদ্ধার করা সম্ভব হলে নতুন করে এমন আতঙ্ক তৈরি হতো না। দ্রুত কুমিরটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাতে বন্দরের তিনগাঁও এলাকায় লোকালয়ে কুমিরটির দেখা মেলে। হঠাৎ কুমিরের উপস্থিতিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেটি উদ্ধারের চেষ্টা চালানো হলেও সফলতা আসেনি। প্রায় দুই মাস পর মুসাপুর ইউনিয়নের একটি পুকুরে আবারও কুমিরটির দেখা মেলায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, পুকুরের পানি আরও কমিয়ে বৃহস্পতিবার (১৯ নবেম্বর) জাল ফেলে কুমিরটি উদ্ধারের পরিকল্পনা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার এশিয়া পোস্টকে বলেন, পুকুরে কুমিরটির অবস্থান শনাক্ত করা হয়েছে। পানি কমানোর পর সেটি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





