নারায়ণগঞ্জে কৃষকদল নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জুয়েল আরমানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণের বাইরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কৃষকদল নেতা জুয়েল আরমানসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন।
ওই ঘটনার জেরে রাতে ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকায় দেলোয়ারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে জুয়েল আরমান ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ সময় হামলার দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন আবু ইউসুফ (২৫) নামে ওই যুবক। ভিডিও ধারণ করতে দেখে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বলে জানিয়েছে পুলিশ।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। নিহত আবু ইউসুফ কুমিল্লার শাহরাস্তি থানার বাসিন্দা মফিজুলের ছেলে। তিনি ফতুল্লার একটি ডাইং কারখানায় গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।





