logo

মুন্সীগঞ্জে মা ইলিশ ও জাটকা শিকার, ৮ জেলের কারাদণ্ড

মুন্সীগঞ্জে মা ইলিশ ও জাটকা শিকার, ৮ জেলের কারাদণ্ড
মুন্সীগঞ্জের শ্রীনগরে মা ইলিশ ও জাটকা শিকারের অপরাধে জেলেদের আটক করে প্রশাসন। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরে মা ইলিশ ও জাটকা শিকারের অপরাধে আট জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি মা ইলিশ ও জাটকা ইলিশ জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ভাগ্যকূল, বাঘড়া ও নূর বয়াতির চর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত তাদের এ দণ্ড দেন।

অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ও জাটকা শিকারের অভিযোগে আট জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় জব্দ করা অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়। উদ্ধার করা মাছ ভাগ্যকূল সরকারি শিশু পরিবারে বিতরণের জন্য হস্তান্তর করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাছিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা এবং কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা।

ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করা এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ও জাটকা শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।