টিনের চালের পানি পড়া নিয়ে কথা-কাটাকাটি, ছুরিকাঘাতে যুবক নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর দুভাগ গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।
নিহত জাহাঙ্গীর আলম ইসলামপুর দুভাগ গ্রামের ময়না মিয়ার ছেলে। অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও আমিরের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। মারামারি থামাতে গেলে আমির হোসেনের মা আম্বিয়া বেগম প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে আহত হন। এরপর ক্ষুব্ধ হয়ে আমির হোসেন ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাঁ পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) সুজন কুমার কর্মকার জানান, টিনের চালে পানি পড়াকে কেন্দ্র করে ঝগড়ার পর ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

