বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: এমপি মামুন

দেশের বিদ্যমান বিদ্যুৎ ও গ্যাস সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। তার অভিযোগ, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতকে বিপর্যস্ত করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মামুন বলেন, বাংলাদেশে এমনকি জামালপুরেও বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে—এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে জনগণকে বুঝতে হবে, আওয়ামী লীগ সরকার কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতকে ধ্বংস করেছে। এই খাত থেকে হাজার হাজার
কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। তাদের রেখে যাওয়া কুইক রেন্টালভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থা এখন বিপর্যস্ত। এ কারণেই বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। এটি রাতারাতি সমাধান করা সম্ভব নয়।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার বিদ্যুৎ ও গ্যাসের সংকট দ্রুত সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। যুদ্ধ পরিস্থিতির কারণে তেল আমদানিও বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে এর প্রভাব পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সমালোচনা করে মামুন বলেন, পরাজিত ও পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাঁরা বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছেন। তবে জামালপুরের মাটিতে কোনো অপতৎপরতা সফল হতে দেওয়া হবে না।
দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জনগণকে সঠিক তথ্য জানাতে হবে।
আলোচনা সভা শেষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের ফৌজদারি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।



