রাজপথে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করা হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণের মাধ্যমে বিতাড়িত হয়ে তারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের অভিযোগ রয়েছে। এখন তারা বিভিন্ন কায়দায় আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে এবং রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে।
তিনি বলেন, তাদের এখনও বোধোদয় হয়নি, কী কারণে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা জাতির কাছে ক্ষমা চায়নি। ষড়যন্ত্র করে বাংলাদেশে রাজনীতি করা সম্ভব নয়। জনগণই তাদের প্রতিহত করবে। বাংলাদেশের জনগণ গণতন্ত্রপ্রিয়। বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার দেশকে ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন বিএনপির নেতা তারেক রহমান।
তিনি আরও বলেন, জনগণের দল বিএনপিকে ষড়যন্ত্র করে দুর্বল করা যাবে—এমনটা ভাবার সুযোগ নেই। জনগণ ভোট ও গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে। জনগণের দাবি ও অধিকার নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণই তাদের জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে।
রাজপথে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে টুকু বলেন, বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর জনগণের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছেন। তাই জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে যারা বিশৃঙ্খলা করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
তিনি বলেন, কোনো অপশক্তি যাতে দেশের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একদিকে সাংগঠনিক কার্যক্রম চালাতে হবে, অন্যদিকে সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা করতে হবে। পাশাপাশি জনগণের উন্নয়নে কাজ করে যেতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে সমাবেশে অংশ নেন।
সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক (ভিপি মনির), টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা, জেলা মহিলা বিএনপির সভাপতি নিলুফা ইয়াসমিন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
