চালকের সিটে হেলপার, নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। চালকের পরিবর্তে হেলপার বাস চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন আমতলী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বরগুনা আমতলী উপজেলার বান্দ্রা বাজার নামক এলাকার বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
বাস দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে বর্তমানে পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় ৪-৫ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে গতকাল রাতে ইমরান পরিবহন নামে ওই বাসটি কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসে। পরে বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলার বান্দ্রা বাজার নামক একালাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ওই বাসটি দুমড়েমুচড়ে গিয়ে বাসে থাকা কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কলাপাড়া ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এছাড়া এ ঘটনায় ৪-৫ জনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর আলম বলেন, সকালে খবর পেয়ে আহতদের উদ্ধার করে কলাপাড়া ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিছে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে জানতে পেরেছি বান্দ্রা বাজার এলাকায় পৌঁছানোর আগের স্টোপেজে বাসের চালক নেমে যায়। এরপর বাসটি হেল্পার চালাচ্ছিলেন। পরে সড়কের একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো নিহতের খবর পাইনি তবে ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বাসের চালক ও হেল্পার পলাতক থাকায় তাদেরকে আটক করা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

