প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়কের পাশে অপেক্ষায় জনতা

চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকালে রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে যাত্রা শুরু করেন তিনি। পথে কুমিল্লায় শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তার।
নিজ এলাকায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্থানীয় বাসিন্দাদের জড়ো হতে দেখা গেছে। বিভিন্ন স্থানে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীদের অপেক্ষা করতে দেখা যায়।
কেউ-কেউ সড়কের পাশে অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করে অবস্থান নিয়েছেন। আবার অনেকে মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সকাল থেকেই তারা প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছেন। সকাল ৭টা থেকে তারা সড়কের পাশে অবস্থান নিয়েছেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে এবং যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন ট্রাফিক সদস্যরা।
তার এই সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে মহাসড়কের আশপাশে ব্যাপক জনসমাগম সৃষ্টি হয়েছে।
