শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওর় এলাকা থেকে একটি বিশাল অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে হাইল হাওরে ধান রোপণের জন্য ক্ষেত পরিষ্কার করার সময় কৃষকরা হঠাৎ অজগর সাপটি দেখতে পান।
সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তাৎক্ষণিক উদ্ধারকারী কোনো সংগঠনের নম্বর না পাওয়ায় উপস্থিত লোকজন সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন।
সেখানে উপস্থিত হন মুহিবুর রহমান নামের এক যুবক। তিনি উপস্থিত লোকজনকে সাপটি না মেরে জীবন রক্ষা করার অনুরোধ জানান। পরে অনেক খোঁজাখুঁজির পর তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন এবং পুরো বিষয়টি জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা স্থানীয়দের সহায়তায় অক্ষত অবস্থায় অজগর সাপটিকে উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, বন্যপ্রাণী রক্ষায় অসামান্য সচেতনতা প্রদর্শনের জন্য মুহিবুর রহমান ধন্যবাদ পাওয়ার যোগ্য। উদ্ধারকৃত অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
