জামালপুরে পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের মাদারগঞ্জে ফ্রিজে পচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় এক মণ (৪০ কেজি) দুর্গন্ধযুক্ত মাংস জব্দ করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার জোনাইল বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।
অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম তারেক তাজু।
জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জোনাইল বাজারে অভিযান চালানো হয়। এ সময় তারেক তাজুর দোকানের ফ্রিজে বিপুল পরিমাণ পচা ও বাসি মাংস পাওয়া যায়। দীর্ঘদিন ধরে তিনি এসব পচা মাংস তাজা মাংসের সঙ্গে মিশিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ১৭ ধারায় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান, দোকানে রাখা মাংস দেখে সন্দেহ হলে ফ্রিজে তল্লাশি চালিয়ে পচা মাংস উদ্ধার এবং তাৎক্ষণিকভাবে তা জনসম্মুখে ধ্বংস করা হয়। জনস্বার্থে উপজেলার প্রতিটি বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


