logo

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ
এশিয়া পোস্ট গ্রফিক্স

নাটোরের বড়াইগ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার শিবপুর ও কলোনি গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়।

সংঘর্ষে গতকাল শনিবার (৬ জুন) ও রোববার (৭ জুন) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ও এলাকাবাসী জানান, গত ২৯ মে গোপালপুর উচ্চবিদ্যালয় মাঠে গোপালপুরের আবির হোসেনের সঙ্গে শিবপুর গ্রামের সজিব হোসেনসহ কয়েকজন যুবকের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে গত শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় সজীব হোসেন শিবপুর বাজারে গেলে আবির হোসেন ও তার স্বজনরা সজিব হোসেনকে মারধর করেন।

এ সময় শিবপুর গ্রামের ব্যবসায়ী আবু হানিফ ও নাজমুল ইসলাম তাদের মধ্যেকার হাতাহাতি থামাতে গেলে গোপালপুর কলোনির আবিরের স্বজনরা তাদেরও মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে পাশের গড়মাটি কলোনি থেকে আবু হানিফ ও নাজমুলের স্বজনরা জড়ো হয়ে শিবপুর বাজারে যান।

এ সময় গড়মাটি কলোনির লোকজনের সঙ্গে গোপালপুর কলোনীর লোকজনের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরপরই দুই পক্ষই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আজ আবার সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের অন্তঃত ১০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ, ডিবি পুলিশ এবং র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে গ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।