দুই মাদক বিক্রেতার এক বছর ও ক্রেতার দুই বছর কারাদণ্ড

মাদারীপুরের শিবচর উপজেলায় মাদক কারবারের দায়ে এক নারী ও তার ছেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক মাদক ক্রেতাকে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
এর আগে বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত গভীর রাতে উপজেলার বহেরাতলা ইউনিয়নের সীমান্তবর্তী বাটেরচর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কালাম মাদবর ওরফে ইয়াবা কালামের স্ত্রী মোছা. সালমা, তাদের ছেলে সাকিব আল হাসান এবং মাদক ক্রেতা সরাব উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত, কালামের বাড়িতে মাদক কেনাবেচা ও সেবনের আখড়া বসত। অভিযান টের পেয়ে কালাম পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তার স্ত্রী, সন্তান ও এক মাদক ক্রেতাকে আটক করে সাজা দেওয়া হয়।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, অভিযানের সময় ওই বাড়ি থেকে ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
