পুলিশ পিটিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

লালমনিরহাটের হাতীবান্ধায় দুই পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হাতকড়াসহ এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন, হাতীবান্ধা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আইয়ুব আলী ও রফিকুল ইসলাম। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করে হাতকড়া পরায় পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে অন্য মাদক ব্যবসায়ীরা সংঘবব্ধ হয়ে দেশি অস্ত্রসহ পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশ কর্মকর্তাদের পিটিয়ে হাতকড়াসহ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায়। পুনরায় গ্রেপ্তারের স্বার্থে পলাতক আসামির নাম-ঠিকানা গোপন রাখে পুলিশ।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, মাদক ব্যবসায়ীদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
