নালার স্রোতে ভেসে প্রাণ গেল তিন বছরের শিশুর

চট্টগ্রামের রাউজানে টানা বর্ষণে সড়কের পাশে তৈরি হওয়া নালার তীব্র স্রোতে ভেসে গিয়ে মোহাম্মদ মোস্তাকিম নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
মৃত শিশু মোস্তাকিম ওই এলাকার মোহাম্মদ পারভেজ হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শিশু মোস্তাকিম তার দাদা আনোয়ার হোসেনের পেছনে পেছনে একটি দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। হাঁটার একপর্যায়ে অসাবধানতাবশত সে সড়কের পাশে পানি চলাচলের একটি গভীর নালায় পড়ে যায়। গত কয়েক দিনের টানা বর্ষণের কারণে নালায় প্রচণ্ড স্রোত থাকায় শিশুটি মুহূর্তের মধ্যে তলিয়ে যায়।
কিছুদূর ভেসে যাওয়ার পর স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশাচালক তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। পরে মোস্তাকিমকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টানা বৃষ্টির কারণে নালায় প্রচুর স্রোত ছিল। শিশুটি তার দাদার পেছনে যাওয়ার সময় হঠাৎ অসাবধানতাবশত নালায় পড়ে ভেসে যায়। পরবর্তীতে আমার ব্যক্তিগত গাড়িতে করেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।





